

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবে না উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এ দেশের জন্য মুক্তিযোদ্ধাদের যে অবদান, তা কখনোই আমরা ভুলি না। তাই আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। বর্তমান সরকার অবহেলিত মুক্তিযোদ্ধাদের সন্ধান করছেন। তাঁদের সুবিধাগুলো, যেমন মুক্তিযোদ্ধা ভাতা নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি বলেন, যেসব মুক্তিযোদ্ধা একেবারে অবহেলিত পড়ে ছিলেন, সরকার তাঁদের খুঁজে বের করে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তাঁদের ভাতার ব্যবস্থা করা, মারা গেলে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা, এমনকি তাঁদের দাফনের ব্যবস্থাও আমরা করছি।
মন্ত্রী বলেন, যাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অস্ত্র তুলে নিয়ে এ দেশ স্বাধীন করেছেন, তাঁদের সম্মান করা, মর্যাদা দেওয়াই আমাদের কাজ। দল-মত পৃথক থাকতে পারে, কিন্তু তাঁদের অবদান আওয়ামী লীগ সরকার কখনো ছোট করে দেখিনি, অবহেলা করেনি। মন্ত্রী আরো বলেন, আমরা আপনাদের (মুক্তিযোদ্ধাদের) অবদান চিরকাল মনে রাখব। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় কাজ করছি। তরুণ প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের স্মৃতি দেখে বিজয়ের ইতিহাস জানতে পারে, তাহলে তারা অনুপ্রাণিত হবে, জানবে কীভাবে দেশের জন্য কাজ করতে হয়। মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করছে।
মন্ত্রী সমাবেশকে লক্ষ্য করে বলেন, কেউ কখনো মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে না। ভবিষ্যতে কেউ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে অবহেলার চোখে দেখবে না। মন্ত্রী বলেন তাঁর সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছে। এটি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রজীপ কর্মকর্তা সুশান্ত কুমার দাশের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসলাম, মোঃ গোলাপ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, সামছুল আলম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুৎফুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
মন্ত্রী এর আগে সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বারহাল (অজুহাত) বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ এর শুভ উদ্বোধন করেন। বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।