

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানব পাচার মামলার পরোয়ানাভুক্ত আসামির ঘুষিতে ঠোঁট ফেটে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। রোববার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সাবরাং মুন্ডার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় টেকনাফ থানার এএসআই সাখাওয়াত হোসেনের ঠোঁট ফেটে যায়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত মো. সাকের মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে সাবরাং মুন্ডার ডেইল পাড়ার কবির আহমদের ছেলে।
ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার দিবাগত রাতে মাদক ও মানব পাচার মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সাকের মিয়াকে গ্রেফতার করতে গেলে তারা সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ হামলার ঘটনায় এএসআই সাখাওয়াত হোসেনের ঠোঁট ফেটে যায়। হামলার নেতৃত্ব দেয় আসামির ভাই মনু মিয়া (৪০) ও রফিকুল ইসলাম (২৯)। এ ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি ও তার দুই ভাইসহ অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।