
রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মটর সাইকেলে থাকা এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
১৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হল এনামুল (১৯), হনুফা আক্তার (৪০) ও অনিক (১৮)। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে এনামুল ও হনুফা মারা যায়। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে মারা যায়।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মটর সাইকেলে থাকা তিনজন মারা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় হনুফা ও এনামুল। আহত অবস্থায় অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে মারা যায়।
মৃত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাঁদের বাড়ি বরিশাল গৌরনদী। থাকতেন মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায়। অনিক তার মামাতো ভাই। অনিকের বাবা অসুস্থ। থাকে গাজিপুর বোর্ডবাজার এলাকায়। ভোরে তাঁদের পরিচিত এনামুলের মটর সাইকেলে করে অনিককে সঙ্গে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এই দুর্ঘটনা ঘটে।
সাদিয়া জানান, তাঁর মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়ের বাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করত অনিক।