
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাংবাদিক ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তাঁর স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী ছেলে স্বর্ণ শীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।
চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে। তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা সিমমিনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান। প্রথমে তাঁরা বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। ১৩ দিনের চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট তাঁরা কলকাতায় ফেরেন। এরপর দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।
দেবাশীষ দত্তের কুষ্টিয়ার বাড়িতে থাকা তাঁর বন্ধু ও প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান বলেন, দেবাশীষের মৃত্যুর খবর পেয়ে তাঁরা তাঁর বাড়িতে ছুটে যান। খবরটি জানার পর পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন। স্বজনদের কয়েকজনের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি।
দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে। এছাড়া তাঁর বাবা-মাও জীবিত রয়েছেন। চারজনের মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।