
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে গিয়ে লরি চালকের সহকারী শাহআলম(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় লরির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সর্ভিস।
মঙ্গলবার সকালে কলমাকান্দা-বিশরপাশা সড়কের গিলাচৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।
নিহত হেলপার শাহআলম উপজেলা সদরের চাঁনপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। আহত রতন মিয়া(২৮) চিনাহালা গ্রামের আবুল কাসেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা সদরের কালিহালা এলাকার ইটভাটা থেকে লরি ভর্তি ইট নিয়ে গিলাচৌকার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গিলাচৌকা নামক স্থানে একটি ব্রীজের রেলিংয়ের সাথে লরিটির ধাক্কা লাগে। এতে ব্রিজের রেলিং ভেঙ্গে লরিটি উল্টে যায়।
এসময় লরিতে থাকা হেলপার শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। লরির চালক রতন মিয়া গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় শাহআলম কে উদ্ধার করে। গাড়ির চালক আহত রতন মিয়া কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর আহত রতন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে শাহআলম এর লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে৷