
পাসপোর্ট অফিসের দালালদের বিরুদ্ধে প্রতিবাদ করায় লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লতিবাবাদ ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাবুল মিয়ার ওপর এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শহীদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


