
কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত শমসের আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির টিনের চালের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের টিনের চাল ও খুঁটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, নিহত নুরুল ইসলামের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।