
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলং এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের ‘লাইন’ থেকে টাকা আদায়কে কেন্দ্র করে ঘুষিতে পানিতে পড়ে আব্দুন নূর নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম মিয়ার ছেলে। সোমবার ভোরে জাফলংয়ের নয়াবস্তি গ্রাম সংলগ্ন ডাউকি নদীতে এ ঘটনা ঘটে।
তবে অপর একটি সূত্র জানিয়েছে, জাফলংয়ের ডাউকি নদীতে নৌকা নিয়ে বালু উত্তোলনের সময় লাইনের টাকা উত্তোলনকে কেন্দ্র করে আব্দুর নূরের সঙ্গে হোসেন নামের ব্যক্তির কথাকাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে ঘুষিতে আব্দুর নূর পানিতে পড়ে যান। শ্রমিকসহ স্থানীয়রা প্রায় আধঘণ্টা পর খোঁজাখুঁজি করে নদী থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে- নদী থেকে অবৈধ ভাবে স্থানীয় ইমরান হোসেন সুমন, আলীম উদ্দিন, বিশ্বনার্থী ফয়জুল সিন্ডিকেট রাতের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সহ স্থানীয়দের লিয়াজো করে আধারে শত শত বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করে আসছে। যার একটি মোট অংক প্রশাসনের হাতে যায়। যার কারনে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলন হলেও সংশ্লিষ্ট সবাই নিরব ভূমিকা পালন করছেন।
সেই বালু ও পাথরের লাইন থেকে আগে শ্রমিকদের কাছ থেকে নৌকা প্রতি ২ হাজার টাকা নেওয়া হলেও এখন ৮ থেকে ১০ হাজার টাকা আদায় করা হয় বলে জানা যায়। ভোরে অতিরিক্ত টাকা আদায় নিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে হোসেন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খানের ছেলে।