

"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" প্রতিপাদ্য নিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ মার্চ) সকাল ১১ টায় বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কুদরত উল্লাহ বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, শিক্ষক মোঃ সাজ উদ্দিন সাজু।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা।
প্রধান অতিথি কামাল আহমদ বলেন, বাংলাদেশের মধ্যে জৈন্তাপুর উপজেলার নারীরা খেলাধুলা, কর্মক্ষেত্র সহ নানা কাজে অনেক জায়গায় এগিয়ে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকারের পাশাপাশি নারীদের আরও এগিয়ে আসার আহবান জানান।