
সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি বালুবাহী নৌকা আটক করে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে স্থানীয় কিছু জনতা বাধা দেওয়ার চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় টাস্কফোর্স অভিযান অব্যাহত ছিল।
রাংপানি নদীর পাড় থেকে অবৈধ ভাবে উত্তোলন করে মজুত করা ৭হাজার ৯১৯ঘনফুট বালু জব্দ করা হয়। পরে তাৎক্ষণিক ভাবে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও ব্যবসায়ীদের উপস্থিতিতে জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অবৈধ ভাবে বালু উত্তোলনসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।