///

ডিজিটাল বাংলাদেশকে বিদ্রূপ করতেন, তাঁরাই এখন ডিজিটাল সুবিধা নিচ্ছেন: শ ম রেজাউল

13 mins read

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, যাঁরা ডিজিটাল বাংলাদেশকে বিদ্রূপ করতেন, তাঁরাই এখন ডিজিটাল সুবিধা নিচ্ছেন। একটি দল সরাসরি ডিজিটাল বাংলাদেশকে বিদ্রূপ করত। সেই দলের নেতা দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে ডিজিটাল কানেকশনে এ দেশে রাজনীতি করছেন। শেখ হাসিনার কারণে তাঁরা ডিজিটাল বাংলাদেশের এই সুবিধা নিতে পারছেন। অথচ কৃতজ্ঞতা জানান না তাঁরা।

শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখন কচিকাঁচা বাচ্চারাও মুঠোফোন, ট্যাব, কম্পিউটার চালাতে অভ্যস্ত হয়ে গেছে। এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ। করোনাকালে ডিজিটাল ব্যবস্থা না থাকলে আমাদের দেশ স্থবির হয়ে যেত। ডিজিটাল বাংলাদেশের কারণেই আমরা ঘরে বসে অফিস করতে পেরেছি। দেশকে সচল রেখেছি। আমাদের সরকার যে লক্ষ্যে কাজ করছে, তাতে অদূর ভবিষ্যতে আমাদের দেশে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন হবে। অনেক বেকার এখন অনলাইনে আউটসোর্সিং করে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হয়েছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে শেখ হাসিনা বাঙালি জাতিকে সমৃদ্ধ জাতিতে পরিণত করেছেন। পিরোজপুরে একটি আইটি পার্ক স্থাপন করা হবে।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের বাচ্চারা যেন ডিজিটাল পদ্ধতির খারাপ দিকে ধাবিত না হয়। যেন তাঁরা জঙ্গিবাদে উসকানিমূলক তথ্যে আকৃষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সন্ত্রাসের বিভিন্ন তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যায়, সেদিকে যেন আমাদের সন্তানরা ধাবিত না হয় তা লক্ষ্য রাখতে হবে। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে যাঁরা এর অপব্যবহার করবেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায় প্রমুখ। মন্ত্রী উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version