
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে পিরোজপুর পৌরশহরের পূর্ব শিকারপুর এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দুইতলা ভবনে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় দেশীয় ধারালো অস্ত্র ও ৪৯৬ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী অংশগ্রহণ করেন। যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানকালে ঐ ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং চাইনিজ কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. টিপু কাজী (৩৭), পিতা: মো. জালাল কাজী; মো. নূর ইসলাম (২৮), পিতা: শাহ আলম; ইমরান (৩৬), পিতা: রওন মিয়া এবং মো. শাজিব খান, (৩৫)পিতা: কে এম সিদ্দিকুর রহমান।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং অভিযুক্তদের প্রত্যেককে ২৪ মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পিরোজপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, ডিএনসি ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।