
গত কয়েকদিন ধরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের আশেপাশে এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানি স্বল্পতায় এখনো পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর একটি ইউনিট হতে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্থর দিন দিন কমতে থাকে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই মৌসুমে যেখানে কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুযায়ী পানির লেভেল ৮১.৪৩ ফুল মিন সি লেভেল থাকার কথা সেখানে কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৭৭.৯৮ ফুট মিন সি লেভেল। এখনো পানির লেভেল ৩.৪৫ ফুট মিন সি লেভেল কম আছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, শুধুমাত্র ২নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃষ্টিপাত বৃদ্ধি পেলে হ্রদে পানির লেভেল বাড়লে পর্যায়ক্রমে বাকি ইউনিট চালু করা সম্ভব হবে। তবে এখনো পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।