

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার (১ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা ও গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করে পিআইসি গঠন করে সঠিক সময়ে বাঁধের কাজ শুরু করার দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের মধ্যনগর উপজেলা কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির প্রধান উপদেষ্টা জহিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলা উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হাওর বাঁচাও আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত ববাহলুল, সহ সভাপতি মো. আলী হায়দার, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, হাওর বাঁচাও আন্দোলনের মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য সচিব চয়ন কান্তি দাস, কৃষক উপানন্দ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, অপ্রয়োজনীয় বাঁধ কোনো অবস্থাতেই নির্মাণ করা যাবে না। নানা অজুহাতে প্রতিবছর পিআইসি গঠন ও বাঁধের কাজ যথাসময়ে শুরু করা হয় না। এতে বোরো ফসলহানির ঘটনা ঘটে। নির্ধারিত সময়ের মধ্যেই হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করতে হবে। অন্যতায় হাওরের বোরো ফসলের কোনোরকম ক্ষতি হলে এর দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সভাপতি নাহিদ হাসান খান বলেন, হাওরের বোরো ফসলরক্ষায় যাবতীয় নীতিমালা মেনেই পিআইসি গঠনসহ বাঁধের সব কাজ করা হবে।