

হবিগঞ্জের লাখাই উপজেলায় বাস চাপায় ওয়াহেদ আলী(৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা।
সোমবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় স্থানীয় বুল্লা বাজারে ঘটনাটি ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ওয়াহেদ আলী চট্টগ্রাম যাওয়ার জন্য বুল্লা বাজারে এসে বাসের টিকিট করে কাউন্টারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় লাখাই থেকে ঢাকাগামী লাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বুল্লা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছেন।