

আর্জেন্টিনার পতাকা চুরিকে কেন্দ্র করে লালমনিরহাট সদরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধায় সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের রেলস্টেশন সামুটারি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নজরুল ইসলামের ছেলে আজিম হোসেন (২৯), জসিম উদ্দিনের ছেলে বায়তুল ইসলাম (১৮), তারেক খন্দকারের ছেলে দারা খন্দকার (২৫), মৃত আছগার আলীর ছেলে মামুন, জয়নাল আবেদীনের ছেলে আজিজার রহমান জুয়েল (৩০), আরিফুল তোকদার (২৮), মোখলেছুর রহমান মুক্তার ছেলে কফি আনান (২১), মোজাম্মেল হকের ছেলে আখলাক (১৯), সামছুল ইসলামের ছেলে (৯), মজিবুল ইসলাম (১৯) ও জাহের মিয়া।
জানা গেছে, আর্জেন্টিনার পতাকা চুরি হওয়া নিয়ে আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুনের সাথে ব্রাজিলের সমর্থক কফি আনানের বাকবিতাণ্ডা হয়। বাকবিতাণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে চারজন আহত হয়। খবর পেয়ে ব্রাজিল সমর্থকদের আত্মীয়-স্বজন ও সওদাগরপাড়া এলাকার ২০/২৫ জনের একটি গ্রুপ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর হামলা করে। এতে ৬ জন গুরুতর আহত হয়। আহত ২ জনের অবস্থা গুরুতর হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, তিস্তা রেলস্টেশন এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। এখন এলাকা শান্ত করা হয়েছে, কোনো অঘটন ঘটার সুযোগ নেই। কয়েকজন আহতের ঘটনা শুনেছি। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন খবর পেয়ে আহত উভয় দলের সমর্থকদের দেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং উভয় দলকে শান্ত থাকার অনুরোধ করেন।


