///

ওসমানীনগরের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

7 mins read

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় জাহেদ হোসেন (৩০) নামের এক প্রবাসী নিহত ও রেদোয়ান আহমদ (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

জাহেদ হোসেন হচ্ছেন উপজেলার উসমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের ঈসমাইল আলীর (পাখি মিয়া) ছেলে। আগামী ৩ মার্চ তার বিয়ে উপলক্ষে কয়েক দিন আগে জাহেদ ওমান থেকে দেশে আসেন। আহত রেদোয়ান উপজেলার ধনপুর গ্রামের মোশাহিদ আলী ছেলে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি হয়।

একাধিক সুত্রে জানা যায়, রবিবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরমুখী যাত্রীবাহি বাস (সিলেট-হ-১১-৬৭৯৫) উপজেলার গয়নাঘাট (গোয়ালা বাজার) নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে (সিলেট-হ-১১-৬৭৯৫) ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মোটর সাইকেল আরোহী জাহেদ ও রেদোয়ান রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জাহেদের মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় রেদোয়ান আহমদ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

শেরপুর হাইওয়ে থানা ইনচার্জ পরিমল দেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে হাসপাতালে প্রেরণ করা হলে একজনকে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version