/////

‘নবীনদের র্যাগ দিলে স্থায়ী বহিষ্কার করা হবে’- শাবি উপাচার্য

17 mins read

নবীন শিক্ষার্থীদের র্যাগিং করলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে একান্ত আলাপকালে এ কথা বলেন উপাচার্য।

র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে উপাচার্য বলেন, নবীব শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। আসার শুরুতেই তারা সিনিয়রদের সাথে পরিচয় পর্বের (র্যাগিং) নামে ভয়ঙ্কর একটা ছোবলের মধ্যে পড়ে। এতে মানসিক, শারীরিক ও বিভিন্নভাবে হেনস্তার শিকার হয় তারা। ফলে তাদের জীবনে চরম হতাশা ও বিপর্যয় নেমে আসে। অনেকে এ নির্যাতন সহ্য করতে না পেরে বিভিন্ন আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করে না। তাই নবীব শিক্ষার্থীদের এ ফাঁদ থেকে রক্ষা করতে র্যাগারদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

র্যাগিংয়ের শাস্তির কথা জানিয়ে তিনি বলেন, নবীনদের সাথে র্যাগিংয়ের মতো কোন ঘটনা ঘটলে আমরা তার বিরুদ্ধে তৎক্ষনাৎ ব্যবস্থা নিবো। জড়িতদের ঘটানার স্থলেই কিংবা এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। পাশাপাশি তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাবিপ্রবিতে এদের কোন রেহাই নেই।

নবীনদের উদ্দেশ্য উপাচার্য বলেন, নবীনদের প্রতি আহ্বান থাকবে, তাদেরকে কোন সিনিয়র হলে কিংবা ম্যাসে ডাকলে তারা যাতে সেখানে না যায়। তবুও কেউ এমন পরিস্থিতির মধ্যে পড়লে তারা যেনো প্রক্টর কিংবা হটলাইন নাম্বারে যোগাযোগ করে।

তিনি বলেন, এখন থেকেই ক্যাম্পাসে, হলে ও আশেপাশে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে, কোথাও এরূপ কোন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হটলাইন নাম্বার ও সতর্কতামূলক ব্যানার টানানো আছে, তারা যাতে সেখানে যোগাযোগ করে।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা যাতে যথা সময়ে পাস করে বের হতে পারে সেজন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। এতে নিয়মিত পরীক্ষা ও যথাযথ সময়ে ফলাফল প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোন শিক্ষক খাতা মূল্যায়ন ও জমা দিতে দেরি করে তাদেরকে জরিমানার পাশাপাশি শোকজও করা হবে। আমরা চাই শিক্ষার্থীরা গুণগত শিক্ষা নিয়ে ঠিক সময়ে (চার বছরে) পাস করে বের হয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করে।

এদিকে আজ (মঙ্গলবার) শাবিপ্রবিতে ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে তিন ইউনিট মিলিয়ে ১ হাজার ৫৬৬ আসনের বিপরীতে ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগামীকাল বুধবার (৩০ আগস্ট) সকাল ও বিকাল ২ সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। সকাল ১০টা এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ও সি ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। পরের দিন (৩১ আগস্ট) থেকে বিভাগগুলোতে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version