///

বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ গ্রেপ্তার সাতজন নতুন জঙ্গি সংগঠনের সদস্য: র‍্যাব

8 mins read

জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য।

গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব। সংস্থাটি বলছে, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১১-এর অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব বলছে, গ্রেপ্তার সাতজন হলেন হোসাইন আহম্মদ (৩৩), মো. নেছার উদ্দিন ওরফে উমায়ের (৩৪), বনি আমিন (২৭), ইমতিয়াজ আহমেদ ওরফে রিফাত (১৯), মো. হাসিবুল ইসলাম (২০), রোমান শিকদার (২৪), মো. সাবিত (১৯)। এর মধ্যে ইমতিয়াজ ও হাসিবুলের বাড়ি কুমিল্লায়। হোসাইন, নেছার, বনি ও সাবিতের বাড়ি পটুয়াখালীতে। রোমানের বাড়ি গোপালগঞ্জে।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নতুন জঙ্গি সংগঠনটির কর্মপদ্ধতি, প্রচারপত্র, বিস্ফোরক তৈরির নির্দেশিকা, উগ্রবাদী বই, ভিডিওসহ ট্যাব উদ্ধার করা হয়েছে।

র‍্যাব বলছে, হোসাইন পটুয়াখালীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাঁর ভাষ্যমতে, নিষিদ্ধঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে কতিপয় সদস্যদের একীভূত করে ২০১৭ সালে নতুন জঙ্গি সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version