

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান রোকন কে জড়িয়ে উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামের ভূমিহীনদের উচ্ছেদ ও সরকারি খাস জায়গা দখলের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মধ্যনগর থানা যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান রোকন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,তাঁর বাবা আব্দুল হেকিম তালুকদার ও তাঁর আপন বড় ভাই এ কে এম খসরুজ্জামান বাবলু উপজেলার চামরদানী ইউনিয়নে একাধিকবার জনগণের ভোটে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় একটি কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক সুনাম এবং তাঁদের পরিবারের সম্মান ক্ষুন্ন করার জন্য নানা ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট গল্প বানিয়ে অপপ্রচার চালিয়ে আসছে।
উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামটি সরকারি বন্দোবস্ত খাস ভূমির ওপর নির্মিত। এখানে ১৮একর সরকারি খাস ভূমি বন্দোবস্ত নিয়ে স্থানীয় ভূমিহীন লোকজন বসবাস ও চাষাবাদ করে আসছেন। বহিরাগত কিছু লোকদের প্ররোচনায় ওই গ্রামের কতিপয় মানুষজনকে নিয়ে আমাকে জড়িয়ে ভূমিহীনদের জায়গা দখল ও তাঁদেরকে উচ্ছেদের নামে মিথ্যা অপবাদ রটিয়ে আসছে ।প্রকৃত পক্ষে আমি ও আমাদের পরিবারের পক্ষ থেকে ভূমিহীনদের নানা ভাবে সহায়তা করে আসছি। আমাকে জড়িয়ে যারা এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপবাদ রটিয়ে আসছে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন বুধবার দুপুরে পেয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


