

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়, সে জন্য জাতীয় পার্টিকে আরও সুসংহত করতে হবে। নির্বাচন এলে কিছু মানুষ সরকারি দলের দালালি করতে চায়। যারা দালালি করবে জাতীয় পার্টিতে তাদের জায়গা হবে না।
আজ রোববার বিকেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জাহাঙ্গীর আলম পাঠান ৷
জি এম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে পারে। যারা সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছে, তারাই শুধু সরকারি জোটে ভোট দেবে। আর নির্বাচন সুষ্ঠু হলে নির্যাতিত-নিপীড়িত বিশাল জনগোষ্ঠী বিরোধী জোটে ভোট দেবে। তাই জাতীয় পার্টির অবস্থান পরিষ্কার। জাতীয় পার্টি সাধারণ মানুষের কাতারে নেতৃত্ব দেবে।
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে জি এম কাদের বলেন, কিন্তু দেশের মানুষ জানে, আওয়ামী লীগ ও বিএনপি অচল মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই জাতীয় পার্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে।
প্রতিটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় পার্টির প্রতি অবিচার করা হয়েছে বলে অভিযোগ করেন জি এম কাদের। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় পার্টির জন্য সমান সুযোগ ছিল না। তত্ত্বাবধায়ক সরকার শুধু আওয়ামী লীগ ও বিএনপির জন্য সমান সুযোগ তৈরি করে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যানজটের কারণে রাজধানীর মানুষ নাকাল হয়ে পড়েছে। অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে নিলে হাসপাতালে নেওয়ার আগেই পথে মারা যাওয়ার অবস্থা হয়।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেন, রমজানে সংযম সাধনা করছি আমরা। কিন্তু ঈদের পর আর সংযম করা সম্ভব হবে না। দেশের মানুষ ভালো নেই, আমরা তাদের অধিকার আদায়ে রাজপথে থাকব।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান প্রমুখ উপস্থিতি ছিলেন।


