

গুচ্ছ ভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে কোন রকম অনাকাঙ্খিত পরিস্থিতি ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
৩০ জুলাই শনিবার বেলা ১২ থেকে ১টা পর্যন্ত বিশ্ববিশ্ববিদ্যায়ের ৭টি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৫ হাজার ৫২৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫ হাজার ২২৭ জন। অনুপস্থিত ছিল ৩০২ জন ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, আমরা সকাল থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশে নজরদারিতে রাখা হয়েছিল। এতে প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তাই কোন রকম অনাকাঙ্খিত পরিস্থিতি ছাড়াই আমরা পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।
এদিকে এ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে সুবিধার্থে সিলেটের বিভিন্ন রোড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ২০টি বাস দেওয়া হয়েছে বলে জানান পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার্থী-অভিভাবকদের যাতায়াতে সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে ২০টি বাস দেওয়া হয়েছে। যা সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসে। পরীক্ষা শেষে বাসগুলো আবারো শিক্ষার্থীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দেয়। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কাজে পরিবহন সুবিধার্থে বিভিন্ন ধরণের যানবাহন সুবিধা দেওয়া হয়।
এদিন দুপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরিদর্শন কালে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশা পরিচালক অধ্যাপক আমেনা পারভীন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সদস্য সচিব জনাব ইসরাত ইবনে ইসমাইল উপস্থিত ছিলেন।
এছাড়া আগামী ১৩ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় কলা অনুষদ ‘বি’ ইউনিটে শাবিপ্রবিতে অংশ নিবেন ২ হাজার ২৩১ জন, ২০ আগস্ট বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটে অংশ নিবেন ৮৩০ জন।


