
গাজীপুরের কাপাসিয়ায় মিজানুর রহমান নামে এক ইউপি সদস্যকে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পেয়ে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। রোববার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার কুড়িয়াদি বগারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
গণধোলাইয়ের শিকার মিজানুর রহমান উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
জানা যায়, প্রায় ১ বছর যাবৎ কুড়িয়াদি বগারটেক গ্রামের এক নারীর সঙ্গে মিজানুর রহমানের পরকীয়া সম্পর্ক রয়েছে। সেই সূত্রে মিজান প্রায়শই ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতো। রোববার রাত ৩টার দিকে ওই নারীর বাড়িতে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এত রাতে সেখানে তার উপস্থিতির কারণ জানতে চাইলে পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। আহত অবস্থায় তার স্বজনরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এক সপ্তাহ আগেও গভীর রাতে ওই নারীর বাড়িতে সময় কাটাতে এলে স্থানীয়রা তাকে ধাওয়া করে।
ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, গভীর রাতে ওই রাস্তা দিয়ে বাড়ি আসার পথে কিছু যুবক বগারটেকের এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ এনে তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিবেন।
সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন বলেন, বিষয়টি শুনেছেন। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।


