//

এক যুগ পর অপারেশন থিয়েটার চালু

14 mins read

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যুগ পর অপারেশন থিয়েটার চালু হয়েছে। এতে উপজেলার সেবা গ্রহীতারা খুবই আনন্দিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবায় স্বয়ংসম্পূর্ন হয়েছে বলে দাবি করেন স্হানীয়রা।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ২০১১ সালের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ছিল। উপজেলার ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। অপারেশন থিয়েটার চালু না থাকায় চরম ভোগান্তিতে ছিল উপজেলাবাসী। এতে জরুরি সার্জারি রুগী থাকা সত্ত্বেও সেবা নিতে পারেননি। সেই দূর্ভোগের অবসান ঘটেছে বলে দাবি করেন সেবা নিতে আসা মানুষেরা।

গত রবিবার অপারেশন থিয়েটারের সরঞ্জামাদি পরীক্ষা নিরীক্ষা করে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সিভিল সার্জন কর্মকর্তা মোঃ সেলিম মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, ওসি আবুল কালাম, ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ।

উদ্বোধনের পাশাপাশি লুবনা জাহান (২৩) নামের এক প্রসূতির প্রথম অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে রবিবার রাতে। তিনি উপজেলার রঘুরামপুর গ্রামের মোঃ জাকির মিয়ার স্ত্রী।

জাকির মিয়া আজকের পত্রিকা কে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় তিনি খুবই আনন্দিত। তার স্ত্রীর প্রথম অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। এটি চালু হওয়ায় নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারছেন। এতে তার চিকিৎসা ব্যয় অনেক সাশ্রয় হয়েছে বলে দাবি করেন।

উপ-সহকারী (সেকমো) মোঃ হাসিবুর রহমান জানান, অপারেশন থিয়েটার চালু হওয়ায় সেবার মান বেড়েছে। এতে প্রসূতিদের দূর্বোগ লাঘব হবে বলে মনে করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন জানান, হাসপাতালে প্যাথলজি, ইসিজি, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম সহ সকল পরীক্ষা করা হচ্ছে। উপজেলাবাসী কে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আহ্বান করেন। তিনি মনে করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব ধরনের সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version