

হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজ সময় মতো শুরু না করার প্রতিবাদে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা পরিষদের পুকুর পাড় সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটি এই মানব বন্ধনের আয়োজন করে। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, নীতিমালা অনুযায়ী, গত বছরের ৩০নভেম্বরের মধ্যে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি গঠন) কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নানাবিদ কারণ দেখিয়ে এখনো পিআইসি গঠন কাজ শেষ করা হয়নি।
গত বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের প্রকল্প কাজ শেষ করার কথা থাকলেও এখনো অধিকাংশ প্রকল্প কাজ শুরু করা হয়নি। বোরো ফসলডুবির আশঙ্কা রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে পিআইসি গঠন কাজ শেষ করে এবং ফসলরক্ষা বাঁধের সব গুলো প্রকল্পে কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করার দাবি জানানো হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য লিপু মজুমদার, কৃষক এনামুল হক, আউয়াল মিয়া, রকিব মিয়া প্রমুখ।


