

নরসিংদীর মনোহরদীতে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষিকা ও ৩০ শিক্ষার্থী শ্রেনীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে। তাদের ৫ জনকে চিকিৎসার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। গত বৃহস্পতিবারও একইভাবে বিদ্যালয়টিতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলে বিদ্যালয়ে আতংক ছড়িয়ে পড়ে। তাই কর্তৃপক্ষ ৩ দিনের জন্য বিদ্যালয়টি বন্ধ ঘোষনা করে এবং ঘটনার কারন উদঘাটনে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে সেখানে আবারও বৃহস্পতিবারের মতো একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে থাকে।তাদের কেউ মাথা ঝিমঝিম করে,কেউ কেউ মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে।তাদের মধ্যে মাত্র ২ জন ছেলে বাকী সব শিক্ষার্থীই মেয়ে বলে জানা গেছে। এবার সে অসুস্থতায় যুক্ত হয়েছেন শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিন নামের বিদ্যালয়ের দুই শিক্ষিকাও। তবে তারাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছেন।অভিভাবকগন তাদের বাড়ী নিয়ে গেছেন বলেও জানা যায়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৫ জনকে চিকিৎসার্থে ৫০শয্যা বিশিষ্ট মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে মায়িশা (১৪), তামান্না (১৪), উর্মী (১৩), জ্যোতি (১৫) ও জোনাকী (১৬)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন জানানা, রবিবার সকালে জাতীয় সংগীত গেয়ে শ্রেণীকক্ষে প্রবেশের পরই একে একে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে সহপাঠীরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়।
ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ ৩ চিকিৎসক ও ৫ সেবিকাসহ ঘটনাস্থলে গিয়ে হাজির হন। মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেনীর এক শিক্ষার্থী জানায়, সকালে বাড়ি থেকে নাস্তা খেয়ে আসতে পারেনি সে। অ্যাসেম্বলী করার সময়েই খারাপ লাগছিলো তার। পরে দ্বিতীয় ক্লাশে মাথা ঘুরে পড়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।
এবিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ জানান, “মাস হিস্টোরিয়া” নামে একটি রোগ আছে যা আবহাওয়া পরিবর্তন ও মানসিক কারণে হয়ে থাকে। এ ধরণের রোগ হলে মেয়েরা সাধারণত হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এবং শারিরীক ভাবে দুর্বল হয়ে যায়।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করীম আজকের পত্রিকাকে জানান, কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিদ্যালয়টি ৩ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। ঘটনার কারন উদঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষককে নিয়ে ৩সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের বাড়ী থেকে সকালের নাস্তা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে বিদ্যালয়ের কর্তৃপক্ষককে নির্দেশ দেয়া হয়েছে।


