
সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিন থেকে শুরু করে ২৪রমজানে শ্রীমঙ্গলে দুই টাকায় ইফতার বিতরণ করা হয়েছে।
‘দ্যা হেল্পিং উইং’ নামক সংগঠনের উদ্যোগে আজ রবিবার রমজানের ২৪ তম দিন (১৬ এপ্রিল) বিকেলে শহরের রেল স্টেশন চত্বরে শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুই টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় ৭ পদের ইফতার।
আজকের ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য, ২০২১ সালে শ্রীমঙ্গলে প্রথমবারে মত দুই টাকায় ইফতার নামক প্রোগ্রাম আয়োজন করেছিলো সংগঠনটি৷ এই ধারা অব্যাহত ছিলো ২০২২ সালেও৷ গত বছর রমজানে পুরো রমজান মাস ধরেই সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা৷ তারই ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে তাদের এই কার্যক্রম।
দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। কমিটির নেতৃবৃন্দরা জানান তারা যত জীবন বেঁচে থাকবেন তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে দুই টাকা ইফতার বিতরণের মত কার্যক্রম পরিচালনা করা এবং মাসব্যাপী অব্যাহত রাখায় সমাজের বিভিন্ন সুচিন্তার মানুষ এর প্রশংসা করছেন। শেষের সমাজের মানুষ আরো বলেন আজ এই তরুণদের কারণে দুই টাকার বিনিময়ে অনেক অসহায় মানুষ উন্নতমানের ইফতার খেতে পারছেন।


