

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, ক্ষমতাসীনদের ২০১৮ সালের কায়দায় নির্বাচনের ইচ্ছা ত্যাগ করতে হবে। কিছু দালাল, চাটুকার ও সুযোগসন্ধানী হয়তো ওত পেতে আছে এমন নির্বাচনে যাওয়ার জন্য। তাতে কোনো লাভ নেই। এমন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ জন্য আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে সমাধান করা উচিত।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাসদের জাতীয় সম্মেলনে নূরুল আম্বিয়া এ কথা বলেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের মাপকাঠিতে জিডিপি আর মাথাপিছু আয়ের কথা বলা হয়। এসব আসলে সম্পদশালীদের উন্নয়নের মাপকাঠি। সম্পদ বাড়লে তার মালিক জনগণ হয় না। যাদের বাড়ে, তারা তা বিদেশে পাচার করে।
বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহির কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেন বাংলাদেশ জাসদের সভাপতি। তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট থেকে বের হওয়ার জন্য সুষ্ঠু নির্বাচনের পথ বের করতে হবে এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্থায়ী ব্যবস্থা ঠিক করতে হবে। দলীয়করণের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে নষ্ট হয়েছে, তা থেকে মুক্ত করার পথ তৈরি করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এসব অপরিহার্য।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নূরুল আম্বিয়াকে দলের সভাপতি এবং নাজমুল হককে (প্রধান) সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করা হয়। দলের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্দু নন্দন দত্ত।


