////

ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা এবং উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ ইংরেজি বিভাগ

19 mins read

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা এবং উদ্ভাবনী দক্ষতাকে উদযাপনের মধ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ আয়োজিত পোস্টার ফ্যাস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত ফ্যাস্টিভ্যালকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রতিযোগিতার মঞ্চ থেকে অভিভাবক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে। এসময় সিলেটে প্রথমবারের মতো আয়োজিত এ ফ্যাস্টিভ্যালকে অভিভাবকরা ইংরেজি ভাষাচর্চার ব্যাতিক্রমি এক সৃজন প্রয়াস বলে অভিহিত করেন।

সকালে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন হয় জাতীয় সংগীতের মাধ্যমে। উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর শুরু হয় প্রতিযোগিতা। স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়-তিন ক্যাটাগরিতে তিনটি পৃথক বিষয়ের উপর শিক্ষার্থীরা দলগতভাবে নিজেদের পোস্টার উপস্থাপন করে। এসময় বিচারকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় প্রতিযোগীরা। প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. শামসুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. খালেদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. রেজাউল কবীর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মাহমুদুল হাসান খান এবং সিএসই বিভাগের প্রধান উমর ফারুক জাহাঙ্গীর।

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদানপর্ব। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, ইংরেজি ভাষায় সৃজনশীলতা প্রকাশের গুরুত্বপূর্ণ শৈল্পিক মাধ্যম হচ্ছে পোস্টার। এসআইইউ ইংরেজি বিভাগ সবসময় শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে নন্দনচর্চায় উৎসাহিত করে। আজকের এই পোস্টার ফ্যাস্টিভ্যাল সেই ধারাবাহিকতারই সফল। তিনি ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভাষা ও প্রযুক্তি এখন সাফল্যের অন্যতম নিয়ামক। তাই শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী এসব দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। পোস্টার ফ্যাস্টিভ্যালের মতো আয়োজন শিক্ষার্থীদের সেই মননচর্চার পথকে সুগম করে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোস্টার ফ্যাস্টিভ্যালের আহবায়ক, সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম। এছাড়াও প্রতিযোগিতার বিচারকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং প্রতিযোগীদের পক্ষে স্কলার্সহোমের শিক্ষার্থী সম্প্রীতি চক্রবর্তী রাই। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পোস্টার ফ্যাস্টিভ্যালে তিনটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় ব্রিজ একাডেমি, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজ এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনটি টিম। উল্লেখ্য, সিলেটের মোট ৩২ টি টিম এ ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণ করে নিজেদের সৃজন দক্ষতা প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version