

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে অবস্থিত উগ্রতারা (কালি) মন্দিরে রোববার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের দেবী উগ্রতারার মাথার সোনার মুকুট ও শরীরের বিভিন্ন অঙ্গের প্রায় ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে উজিরপুর থানা পুলিশ মন্দিরের পশ্চিম পাশের বাসিন্দা পরিমল ও উজ্জল নামের দুই ব্যক্তিকে আটক করেছে। মন্দির কমিটির সহ সভাপতি দেবাশীষ দাস জানান, সোমবার সকালে পূজারী সুশান্ত চক্রবর্তী মন্দিরের দরজা খুলে দেবী উগ্রতারার (কালি) মাথার সোনার মুকুটসহ অন্যান্য স্বর্ণালঙ্কার দেখতে না পেয়ে উজিরপুর থানা পুলিশকে খবর দেন। পূজারী সুশান্ত চক্রবর্তী জানান, তিনি রোববার রাতে দেবীর পূজা দিয়ে মন্দিরের প্রধান গেটে তালা লাগিয়ে গেছেন। সোমবার সকালে গেট খুলে দেবীর শরীরের অলঙ্কার দেখতে না পাননি। খবর পেয়ে কমিটির নেতারা এবং উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মন্দিরের কোন দরজা-জানালা ভাঙা ছিল না। এমনকি মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরা চালু থাকলেও সেগুলো উল্টানো ছিল।

