
জকিগঞ্জের আলোচিত মিকির সম্রাট (ভারতীয় জোয়াখেলা) বারহাল ইউনিয়নের সাবেক মেম্বার সুমন আহমদ চৌধুরীকে বুধবার রাতে সিলেট শহরের কাজলসার এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক সুমন জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নুরনগর গ্রামের আমজাদ আলীর ছেলে।
চোরাচালানের মামলার অভিযুক্ত আসামী হিসাবে তাকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, সুমন মেম্বার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সুরমা নদী থেকে বালু উত্তোলন, ভারতীয় জোয়া খেলার প্রধান এজেন্টসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত।
মামলার বাদী সিলেট গোয়েন্দা পুলিশের এসআই নোটন কুমার চৌধুরী জানান, সুমন মেম্বারের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ১৪ জুলাই জকিগঞ্জের ঘাটের বাজারে সুমন মেম্বারের ৫ হাজার ৪শত কেজি ভারতীয় চিনি আটক করে গোয়েন্দা পুলিশ। এ মামলায় তাকে আটক দেখিয়ে গতকাল সিলেট জেলা জজআদালতে সোপর্দ করা হয়েছে।


