

নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ নামক স্থানে ঢাকা–সিলেট মহাসড়কে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী ১ হেলপার।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ছয়টায় মাহমুদাবাদের নামাপাড়া পুরাতন ব্রাহ্মপুত্র ব্রিজের পাশে পুলিশ চেকপোস্টের সামনে এই ঘটনা ঘটে।
নিহত দুজন ট্রাকচালক হলেন, বগুড়া শিবগঞ্জের বালিকান্দা গ্রামের আবদুল আলীমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলার চরফ্যাশনের উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)। আবু হাশেম টাইলস বোঝাই ট্রাকের ও মো. মফিজুল পাটোয়ারী পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন।
গুরুতর আহত এক ট্রাক চালকের সহকারী হেলপারকে পুলিশ উদ্ধার করে স্থানীয় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। আহতকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল আনুমানিক সাড়ে ছয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া পুরাতন ব্রাহ্মপুত্র ব্রিজের পাশে সিলেট থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে শাহ সিমেন্টের ট্রাকের চালক অপর ট্রাকটির চালক ভেতরে আটকা পড়ে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত এক ট্রাকের চালকের সহকারীকে পুলিশ উদ্ধার করে স্থানীয় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। আহতকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, সকাল আনুমানিক সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীর্ঘদিন ৩ ঘন্টার চেষ্টায় নিহত দুই চালকের লাশ ও দুমড়ে মুচড়ে যায় ট্রাক দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগেও গত ছয় মাসে ওই এলাকায় একই স্থানে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় পাঁচ জন সবজি ব্যবসায়ীসহ অন্তত ১০ জন নিহত হয়েছিলেন।


