///

পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

8 mins read

সাভারের আশুলিয়ায় মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চলাকালে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির ৩ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ১১মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৫২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো কল্লোল চাকমা(৩৪), সুইলা মারমা(৩০), রিপন চাকমা(৩৬), ম্যাসামাই মারমা(৪০), পাইজা মারমা(৩৫), সুফেন দেব বর্মা(২১), মংনুচিং মারমা(৩২), পুলক চাকমা(২৩), কমল চাকমা(৩০), আশুতোষ চাকমা(৩১) ও মিক্রা মগ(২৫)। তারা সবাই আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

পুলিশ জানায়, বুধবার রাতে ওই এলাকায় অভিযানে গিয়ে চিহ্নিত মাদক কারবারি মিক্রা মগ ও মিকো চাকমাকে আটক করা হয়। ওই সময় তারা চিৎকার করলে আশপাশের আরও অন্তত ১২-১৩ জন মাদক কারবারি ও তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা মিকো চাকমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ মাদক কারবারিকে আটক করে। অভিযানকালে মিক্রা মগের বাড়ি থেকে মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৫২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, চোলাই মদ জব্দে চালানো অভিযানে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। একই সময় স্থানীয় দুজনও আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া হামলা ও মাদক কারবারিতে যুক্ত ১১ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version