//

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

10 mins read

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (৪৫) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন গোপালগঞ্জ সদরের সামসুল হক রোডের বাসিন্দা।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোশতাক আহমেদ জানান, গত ৩-৪ মাস আগে যাত্রাপথে গণপরিবহনের মধ্যে আলমগীর হোসেনের সঙ্গে ঐ ছাত্রীর পরিচয় হয়। এ সময় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর জন্য আলমগীর হোসেন ঐ ছাত্রীর মোবাইল নম্বর নেয়। গত ১০ ফেব্রুয়ারি বিকালে টিউশনি দেওয়ার কথা বলে ঐ ছাত্রীকে আলমগীর হোসেন তার পাচুরিয়া এলাকার বাসায় ডাকে। ছাত্রী তার বাসায় গিয়ে তাকে ছাড়া বাসার অন্য কোনো সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়েন। তখন আলমগীর বিভিন্ন ধরনের কথা বলার একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় ঐ ছাত্রী আলমগীরকে ধাক্কা দিয়ে রুমের বাইরে এসে চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। ভিকটিম বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ঘটনা অবহিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় গত রোববার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানায়। এরপর থেকেই র‌্যাব-৬ এর সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতাসহ আভিযান শুরু করে। এর ধারাবাহিতকায় গত রোববার বিকালে র‌্যাব-৩ এর সহযোগিতায় ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version