সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ

অর্থনীতিসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, সাংবাদিকদের ওপর এ হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। এটি শুধু সাংবাদিকদের নয়, পুরো সিলেটবাসীর জন্যও উদ্বেগজনক।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটবাসীর সম্পদ। এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অতীতে ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন আন্দোলনের সময় সাংবাদিকেরা তাদের পক্ষে সংবাদ প্রকাশ করেছেন। অথচ এবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের রক্তাক্ত হতে হয়েছে। একই সঙ্গে চিকিৎসাসেবা ব্যাহত করে রোগীদের জিম্মি করার সংস্কৃতিও বন্ধ করতে হবে।

সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বক্তারা অভিযোগ করেন, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় হাসপাতালটির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশের বিরুদ্ধে রোগীর স্বজন ও সাধারণ মানুষকে হেনস্তা এবং লাঠিসোঁটা দিয়ে মারধরের অভিযোগ রয়েছে। এসব বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হামলার ঘটনায় কোনো আপসকামী সমাধান মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের সম্মান রক্ষা ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই বৈঠক করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য লিয়াকত শাহ ফরিদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবীর লিটন এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি।

সমাবেশে সংহতি জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব ও সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধিরা। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪-এর নিজস্ব প্রতিবেদক নিবেন্দু তালুকদার। তাঁরা দুজনই সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles