

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শরিফুল ইসলাম (৪০) নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের আরেক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শহরের কাঠেরপুল এলাকায় উর্মি ডেন্টালে দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটর সাইকেলযোগে শরিফুলসহ দুইজন মহাসড়কে উঠছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই দন্ত চিকিৎসক শরীফুল মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


