
রাজধানীর মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগ সহ বেশ কয়েকটি এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে ছিদ্র বেরিয়েছে। ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী অন্তত শতাধিক ফোনকল করেছেন। আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। রাজধানীর সব গুলো ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সতর্ক করে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে ৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।
রাত সাড়ে ১২টার দিকে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা জানান, কর্মকর্তাদের গ্যাসের চাপ কমাতে বলা হয়েছে। দু-তিন ঘণ্টার মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেছেন, ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাবার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


