
কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না থাকায় সিলেটের ওসমানীনগরে এবার আগেভাগেই রোপা আমন ধানের চাষ শুরু হয়েছে। কৃষকরা বলছেন, গত কয়েক বছরের চেয়ে এবারের আবহাওয়া রোপা আমন চাষের অনুকুল।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে এবার মোট ৮ হাজার ৬৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে উমরপুর ইউনিয়নে-১১৩৩, সাদিপুর-১০৮০, পশ্চিম পৈলনপুর-৭৩৪, বুরুঙ্গা-৮৮৫, গোয়ালাবাজার-১১১৯, তাজপুর-১২৩৫, দয়ামির-১২৩৫ ও উসমানপুরের ১২৩১ হেক্টর জমিতে রোপা আমন রোপণ করা হচ্ছে। ওসমানীনগরের কৃষকদের মধ্যে ব্রিআর-১০, ব্রিআর-১১, ব্রিআর-২২, বিনা-৭, বিনা-১৭, ব্রি ধান ৯৪-৯৫ ও স্থানীয় ৩৪ ধান চাষের আগ্রহ বেশি।
কৃষক আব্দুল খালিক বলেন, ইরি ধানের চেয়ে খরচ কিছুটা কম হওয়ায় প্রতিবছরই আমন চাষ করি। চার বিঘা জমিতে এবার আমন ধান চাষ করছি। পর্যাপ্ত বৃষ্টির পানি না পাওয়ায় চাষাবাদে একটু অসুবিধা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনও বেশ ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা আক্তার বলেন, রোপা আমন চাষের প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় এবার কৃষকরা রোপা আমনের আগাম চাষ শুরু করেছেন। ওসমানীনগরে এ বছর রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৯৮০ মেট্রিকটন। বড় কোন প্রাকৃতিক দুর্যোগ বা রোগ বালাই না হলে না এবার আমনের ফলন ভালো ফলন হবে বলে আশা করছি।


