////

খাটের নিচে মিলল ‘মাদকের গুদাম’ কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ৯৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

9 mins read

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামের মো. নুর ইসলাম (৩৮)। তিনি মোসলেম উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর সিপিএসসি র‍্যাব -১৩ এর একটি আভিযানিক দল ফুলবাড়ী থানার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান চালায়। এসময় নুর ইসলামের শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা স্থানীয় ও আঞ্চলিক মাদক নেটওয়ার্কে সরবরাহের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে নুর ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কারবার নিয়ন্ত্রণে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version