///

সমরজিৎ রায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

9 mins read

একুশে পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রোববার সন্ধ্যায় এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে রোববার বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমরজিৎ রায়।

খ্যাতিমান এই চিত্রশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে সুরজিৎ রায় চৌধুরী। সুরজিৎ রায় চৌধুরী বলেন, ‘হৃদরোগ আর ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তার বাবা। গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ সেপ্টেম্বর উনাকে বাসায় আনি। তার তিন দিন পর ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করতে হয়। আজ দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক জানালেন, উনি আর নেই।’

সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লা জেলায়। ১৯৬০ সালে তিনি তখনকার সরকারি আর্ট ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক শেষ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে পেয়েছেন জয়নুল আবেদীন, কামরুল হাসানের মত শিল্পীদের।

স্নাতক শেষ করে চারুকলা অনুষদেই শিক্ষকতায় যোগ দেন সমরজিৎ। ৪৩ বছর সেই দায়িত্ব পালন করে ২০০৩ সালে অধ্যাপক হিসেবে অবসরে যান। এরপর ২০১০ সাল পর্যন্ত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবে কাজ করেন। চিত্রকলায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version