

রায়পুরায় বর্তমান ইউপি চেয়ারম্যান মানিক দুর্বৃত্তের নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিক (৫০) দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন।
শনিবার (৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মির্জারচর ইউনিয়নের শান্তিপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে চলা পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে মানিককে হত্যা করেছে। বর্তমানে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মো. ফিরোজ মিয়া। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক। এরই জেরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া ছিলেন ফিরোজ সমর্থিত লোকজন। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ আপোষ মিমাংসার জন্য সালিসি বসেন। কিন্তু আপোষ না মেনে মিটিং ছেড়ে বাড়িতে উঠেন ফিরোজের লোকেরা। আজ শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে তাঁতে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিক বার কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।


