///

অল্পের জন্য ব্যালন ডি’অর পাননি ভিনিসিয়ুস

10 mins read

গুঞ্জন ছিল এবারের ব্যালন ডি’অর পাবেন রিয়াল মাদ্রিদ ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত তা উঠেছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পুরস্কার দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে।

ব্যালন ডি’অর জিততে রদ্রি পেয়েছেন সর্বোচ্চ ১১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পেয়েছেন ১১২৯ ভোট। রদ্রির থেকে ৪১ ভোট কম পেয়েছেন ভিনিসিয়ুস।

তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহ্যাম পেয়েছেন ৯১৭ ভোট। কারভাহাল ৫৫০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হালান্ড (৪৩২), কিলিয়ান এমবাপে (৪২০), লাউতারো মার্টিনেজ (৪০২), লামিনে ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেইন (২০১)।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন।

এই সাংবাদিকরা তাদের পছন্দের শীর্ষ ১০ জন খেলোয়াড় বেছে নেন। সবার উপরে থাকা ফুটবলার ১৫ পয়েন্ট, এরপর যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩,২, ১ পয়েন্ট করে পান।

৯৯ জনে মধ্যে ৪৯ জন সাংবাদিকের শীর্ষে ছিলেন রদ্রি। ৩৫ জনের শীর্ষে ছিলেন ভিনিসিয়ুস। মজার কথা হলো এরমধ্যে ৫ জন সাংবাদিক (বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামা) তাদের সেরা দশেই রাখেননি রদ্রিকে। ভিনিসিয়ুসকে সেরা দশে রাখেননি তিন দেশের সাংবাদিক (এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়া)

রদ্রি স্পেনের হলেও তার নিজ দেশের সাংবাদিক শীর্ষে রেখেছিলেন ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান সাংবাদিকের শীর্ষে ছিলেন তার নিজ দেশের খেলোয়াড় ভিনিসিয়সই।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version