///

আটপাড়ায় লরি ও নছিমনের সংঘর্ষে চালক নিহত

8 mins read

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় লরি ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক মো. উজ্জ্বল মিয়া (৩৫) নিহত হয়েছেন।

এ সময় আরও দুই জন আহত হন। ঘটনায় পুলিশ লরি চালক জসিম মিয়াকে (২৮) আটক করে। আজ শুক্রবার দুপুরে আটপাড়া-তেলিগাতী সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মিয়া মোহনগঞ্জ উপজেলার সাজিহাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আর আটক হওয়া জসিম মিয়া কেন্দুয়া সিংহেরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে।

এলাকার কয়েজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী উজ্জ্বল মিয়া আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ থেকে একটি নছিমনে গরু বোঝাই করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে আটপাড়া-তেলিগাতী সড়কের মোবারকপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনিসহ নসিমনের চালক ও চালকের সহযোগী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উজ্জ্বল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, আহতদের উদ্ধারসহ পলাতক লরি চালক জসিম মিয়াকে আটক করে। নিহত উজ্জ্বল মিয়ার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version