////

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় চুয়াডাঙ্গা বিজিবি

19 mins read

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে শেষ করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান সোমবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২টি (চুয়াডাঙ্গা ও মেহেরপুর) জেলার ৭টি উপজেলার ৪টি সংসদীয় আসনে মোট ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় ৭টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি। সীমান্তবর্তী ৩টি উপজেলা (দামুড়হুদা, জীবননগর ও মুজিবনগর) বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। ২০২৫ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অস্থায়ী বেইজ ক্যাম্প ও ভোটকেন্দ্রের রেকি শেষ করা হয়েছে। আগামী ২০২৬ সালের ২৯ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারীর মধ্যে বিজিবি মোতায়েন শেষ করে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট, টহল ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়াও সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট-২ পরিচালনার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, নিরলস প্রচেষ্টায় গত ২০২৫ সালে সীমান্তবর্তী এলাকায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ জন আসামীসহ সর্বমোট ৩৩ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৭৯০ টাকারও অধিক মূল্যের চোরাচালানী পণ্য উদ্ধার করে জব্দ করেছে। এর মধ্যে স্বর্ণ ১৫ দশমিক ৭৪৭৫ কেজি, রৌপ্য ২৮ কেজি, পিস্তল ১টি, গুলি ২ রাউন্ড ইত্যাদি উল্লেখযোগ্য।

এছাড়া ২০২৫ সালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার ৪৭৮ বোতল মদ, ২ দশমিক ৯ কেজি হেরোইন,১ হাজার ৫৩৬টি ইয়াবা, ৫ হাজার ৫৫ বোতল ফেন্সিডিল, ২৩১ দশমিক ১৪২ কেজি গাঁজা, বিভিন্ন প্রকার ২ হাজার ৪৪০ টি ঔষধ উদ্ধার করে জব্দ করা হয়। যার মূল্য সর্বমোট ৩ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৮৪৭ টাকা। এ ব্যাপারে ২৩ জনে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। তাছাড়া ২০২৬ সালের ২৯ জানুয়ারী হতে ১ ফেব্রুয়ারীর মধ্যে যশোর আঞ্চলিক নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন শেষ করা হবে। মোতায়েনের শুরু থেকেই দায়িত্বপূর্ণ ১৮টি জেলার ১০৮টি উপজেলায় প্রায় ২০০ প্লাটুন বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপদ ও ভয়ভীতিহীন পরিবেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী ৬টি জেলার ৬০০ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি সদস্যগণ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version