///

কোম্পানীগঞ্জে জুয়াড়িদের সাথে যুবলীগ নেতার আনন্দ উল্লাস

23 mins read

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ জুয়া খেলার বিরুদ্ধে বিশেষ অভিযান করে জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ টাকা সহ ২০জনকে আটক করে আদালতে পাঠানোর মাত্র দুই ঘন্টার মধ্যে জামিন পেয়ে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. করম আলী ও জুয়া বোর্ডের মূলহোতা আবুল বাশারের নেতৃত্বে আনন্দ উল্লাসে মেতে উঠেন জুয়াড়িরা। এ দৃশ্য দেখে স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েন। এমন কিছু ছবি ও ভিডিও এসেছে প্রতিবেদকের কাছে।

আদালত থেকে জামিন পেয়ে শনিবার রাত ৮টায় উপজেলার টুকেরবাজার বনফুল শো-রুমের সামনে এসে যুবলীগ নেতা করম আলী ও আবুল বাশারের সাথে কোলাকুলি করে হৈ হুল্লোড় আর উচ্ছ্বাসে মেতে উঠেন জামিনপ্রাপ্তরা। এ সময় মাদক ব্যবসায়ী সহ আরও কয়েক জন জুয়াড়িও ছিলেন। পরে তারা আল মক্কা নামক রেস্টুরেন্টে ভুরি ভোজে মত্ত হয়ে ঘোষণা দেন আগামীকাল আবারও জুয়া খেলার বোর্ড বসবে সবাই এসো।

থানা পুলিশের এক কর্মকর্তা জানান, জুয়াড়িদের আটকের পর থানায় গিয়ে যুবলীগ নেতা করম আলী তাদেরকে ছাড়ানের জন্য ওসি সাহেবের কাছে বারবার সুপারিশ করেছে।

জুয়াড়িদের নিয়ে যুবলীগ নেতার আনন্দ উল্লাস ও রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া দেখা প্রত্যক্ষদর্শীরা জানান, “রাত ৮টার দিকে আমরা কয়েকজন বনফুলের সামনে বসে চা খাচ্ছিলাম হঠাৎ কয়েক জন মানুষে একে অপরের সাথে কোলাকুলি করে হৈ হুল্লোড় আর উচ্ছ্বাসে মেতে উঠেন। তাদের দেখে অবাক হয়ে আমরা বলছিলাম বিকেলে ফেসবুকে দেখলাম তাদেরকে জুয়া খেলার কারণে আটক করেছে পুলিশ। কয়েক ঘন্টা যেতে না যেতেই মুক্তি পেয়ে তারা আনন্দ করছে যুবলীগের নেতাকে সাথে নিয়ে কি আশ্চর্য ব্যাপার!”

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তিনজন শিক্ষার্থী বলেন, “তাদের এরকম উচ্ছাস দেখে আমরা হতবাক! তবে জুয়ারিদের সাথে দেশের সুনামধন্য একটি রাজনৈতিক দল যুবলীগের পদধারী নেতার এহেন কান্ড দেখে আমরা ছাত্রলীগ কর্মী হিসেবে লজ্জিত হয়েছি। অপরাধ করে ছাড়া পেয়ে লজ্জিত না হয়ে একজন আরেকজনকে আনন্দে বলতে শুনেছি হজ্ব করে এসেছি। অপরাধীদের শাস্তি দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ অপরাধ ঠেকানো। সে দিকেও পুলিশের সক্রিয়তা বজায় থাকলে অনেকাংশেই অপরাধ কমে যাবে।”

থানা সূত্রে জানাযায় শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে উপজেলার ইসলামপুর গ্রামের আবুল বাশারের বাড়িতে অভিযান চালিয়ে ২০জুয়ারিরে আটক করতে পারলেও আবুল বাশার সহ আরও কয়েক জন পালিয়ে যায়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজ করে ৫টা ১৫ মিনিটে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। পরে সন্ধ্যায় আদালত তাদের জামিন দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি করম আলী জুয়াড়িদের পক্ষে সাফাই গেয়ে বলেন, এরা তো জুয়াড়ি না গরিব মানুষ, কাম কাজ করে। আমি রাজনীতি করি এজন্য এলাকার হিসেবে সুপারিশ করতে থানায় গেছি। তারা সবাই ছাড়া পাওয়ার পর তাদেরকে নিয়ে নাস্তা ও গল্প করছি। তবে আনন্দোল্লাস করি নাই।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আলী উদ্দিন জানান, যুবলীগের কোন নেতাকর্মী অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। যুবলীগের নেতাকর্মীরা সমাজ থেকে অপরাধ বন্ধ করতে ও সমাজের কল্যানে কাজ করে। করম আলীর বিষয়ে তদন্ত করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশের কাজ অপরাধিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা। আদালত অপরাধীদের বিচার করেন। আমরা কোম্পানীগঞ্জ থানা এলাকায় সকল ধরনের অপরাধ বন্ধ কাজ করে যাচ্ছি। অপরাধী যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন আইনের চোখে সকলেই সমান। জুয়ারিদের ছাড়ানোর জন্য যুবলীগ নেতা সুপারিশ করেছে কি না এমন প্রশ্নে ওসি জানান পুলিশের কাছে কেউ সুপারিশ করতেই পারে তবে অনৈতিক কোন সুপারিশ গ্রহণ করা সম্ভব নয়।

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম) জানান, যুবলীগ সমাজ ও দেশের কল্যাণে কাজ করে। যুবলীগের কোন নেতাকর্মী অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকলে সংগঠন এই দায় নিবে না। করম আলী যদি সত্যি এধরনের কর্মকান্ড করে থাকে তাহলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কোম্পানীগঞ্জ যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কদের বলে দিচ্ছি একটি টিম গঠন করে সত্যতা যাচাই করার ব্যবস্থা গ্রহণের জন্য।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version