
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৫৮ কোটি ১৭ লক্ষ ৯০ হাজার ৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুর ১২টায় বাজেট ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৮ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৮১ টাকা ৩৭ পয়সা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা। বাজেট উদ্বৃত্ত ৫৭ লাখ ৩৫ হাজার ৮১ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রকল্প ও সরকার হইতে এডিপি মন্জুরী ৫২ কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি ৪৭ লক্ষ ৭০ হাজার ৮১ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬০ লক্ষ ৫৫ হাজার ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি টাকা।
পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অনুষ্ঠানের শুরুতে মেয়র আমিনুল ইসলাম রাবেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় তিনি ১৫ আগস্টের শহীদের, জাতীয় চার নেতা ও মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পৌরসভার প্রয়াত প্রতিনিধিগণ এবং পৌরসভার নাগরিকবৃন্দ যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণ করেন। মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর।
আমি মেয়র হওয়ার পর থেকেই পৌরসভাকে দৃষ্টিনন্দন আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তিনিসহ কাউন্সিলরবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। পৌরসভায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা রয়েছে তা নিরসনের জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছি। যার ভুমি অধিগ্রহণ শেষ হয়েছে। এর কাজ চলমান রয়েছে। আশাকরি এর বাস্তবায়নের পর পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এছাড়াও নাগরিক সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, নতুন রাস্তাঘাট নির্মাণ, অবহেলিত এলাকায় ব্রীজ-কালভার্ট-ড্রেন নির্মাণ করেছি। পৌরসভাকে দৃষ্টিনন্দন ও জলাবদ্ধতা নিরসন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ষ্ট্রিট লাইট স্থাপন, ওয়ার্ডে ওয়ার্ডে সোলার স্থাপন করে আলোকিত পৌরসভা গড়তে কাজ করে যাচ্ছি। পৌরসভার যানজট নিরসনে ইতিমধ্যে অনেক কাজ বাস্তবায়ন করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক। অফিস সহকারী শেখ মোঃ জিয়া’র পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, রুহিন আহমদ খাঁন, জামেল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকুঞ্জ ব্যানার্জি, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, ফারুক আলী, জাহেদ আহমদ, নজুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা শেফা বেগম, কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম সহ পৌরসভার কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজ। অনুষ্ঠানে বাজেট বক্তব্যে শেষে মেয়র উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাজেট অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক। বাজেট অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ঘোষগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা ছাদিকুর রহমান।


