
সিলেটের জৈন্তাপুরে ২ দফায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে ২শিশুর মৃত্যু হয়েছে এবং ঐদিন বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪নম্বর বাংলা বাজার বেঙ্গল ষ্টোন ক্রাশার এলাকায় ১শিশুর মৃত্যু হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ হতে নিহতদের পরিবারে সহায়তা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে যানাযায়, শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বিসনাটেক গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় আম কুড়াতে গিয়ে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতের কবলে পড়ে নিহত হন৷ স্থানীয় জনতা দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশু পারিবারিক সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।
একইদিন বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪নম্বর বাংলাবাজারে বেঙ্গল ষ্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতের কবলে পড়েন বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) নিহত হন। স্থানীয় জনতা ইমনের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী সাইদুল ও শহীন উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমন কে মৃত ঘোষনা করেন।
বজ্রপাতের ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী শোকাহত পরিবার গুলোকে দেখতে যান এবং ঘটনার খোঁজ খবরনেন। পরে তিনি সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।


