

সুনামগঞ্জের তাহিরপুরে ১৪১ টি বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় মাতৃভাষা দিবসে কলা গাছ, বাঁশ কাঠ আর কাগজ কাপড়ে তৈরি করা অস্থায়ী শহীদ মিনারেই শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী এবং আপামর জনতা। শহীদ মিনার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের প্রতীক। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠাতার সাহসী চেতনা। যেই শহীদ মিনার দেখলে বিনম্র শ্রদ্ধায় মন জাগ্রত হয় রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারদের মতো ভাষাপ্রেমীর রক্তমাখা দরদ, মমত্ব আর ভালোবাসার দিকে। গৌরবময় সেই ভাষা আন্দোলনের ৭১ বছর পার হলেও উপজেলার ১৩৪ টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয় ৩টি কলেজে নেই স্থায়ী শহীদ মিনার। শহীদ মিনার রয়েছে ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৪ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে।
সোহালা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবিল ও নাজনীন রাইসা জানায়, আমাদের স্কুলে গত বছরও কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এবারও কলাগাছ দিয়েও শহিদ মিনার বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়েছে। বিদ্যালয় গুলোতে একটি স্হায়ী শহীদ মিনার তৈরি করার দাবি জানায় তারা।
সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মতো অধিকাংশ বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই। বাধ্য হয়েই কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। তিনি বলেন, পরবর্তী প্রজন্ম ভাষা দিবস সম্পর্কে জানার জন্য প্রতিটি বিদ্যালয়ে স্হায়ী ভাবে শহীদ মিনার নির্মান করা জরুরি।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের জানান, এ উপজেলার ১৪১ টি বিদ্যালয়ে স্হায়ী শহীদ মিনার নেই। স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য জেলা থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নিদর্শনা মতে যেসব বিদ্যালয়ে যায়গা আছে তাতে মার্চ মাস থেকে কাজ শুরু হবে। আর যেসব বিদ্যালয়ে যায়গা নেই তাতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে সব গুলো বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে স্থায়ী ভাবে শহীদ মিনার নাই এটা সত্য। যে গুলোতে স্থায়ী শহীদ মিনার আছে তাতে রং দিয়ে সাজিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান প্রমুখ। এ ছাড়াও আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন ব্যানারে র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেছেন।


