

বাগেরহাটে দোকানে প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করার কারণ জানতে চাওয়ায় এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছেন এক মাংস ব্যবসায়ী (কসাই)। সোমবার বিকেলে শহরের প্রধান বাজারের একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাজারের শহর রক্ষা বাঁধ এলাকায় এমাদুল নামের এক ব্যক্তির মাংসের দোকান। দোকানে মাংস কাটার কাজ করেন ইব্রাহীম মোল্লা (২২)। ওই দোকানে প্রদর্শিত মূলের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি নিয়ে মো. লিটু (৩০) নামের এক ক্রেতার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম মোল্লা ওই ক্রেতাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। পরে আহত লিটুকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ওই ক্রেতার সঙ্গে আবদুর রাজ্জাক ও মো. রহমত (২৭) নামের আরও দুজন ছিলেন। তাঁদেরও সে সময় মারধর করা হয়।
পুলিশ আরও জানায়, তাঁদের তিনজনের বাড়ি শহরের হাড়িখালী ও মাঝিডাঙ্গা এলাকায়। পেশায় অ্যাম্বুলেন্স চালক ওই তিনজন ঈদ উপলক্ষে বাজারে গরুর মাংস কিনতে গিয়েছিলেন। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত লিটুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহীম মোল্লাকে আটক করেছে পুলিশ। তিনি শহরের নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে।
হাসপাতালে ভর্তি মো. লিটু প্রথম আলোকে বলেন, ওই দোকানের মূল্যতালিকায় গরুর মাংসের কেজি (চর্বি ছাড়া) ৬৫০ টাকা লেখা ছিল। কিন্তু দোকানি আমাদের কাছে ৭০০ টাকা কেজি করে চান (চর্বিসহ)। চার্টে লেখা মূল্যের চেয়ে বেশি নেওয়ার কারণ জানতে চাইলে দোকানি আমাদের ওপর খেপে যান। আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। একপর্যায়ে আমাদের গায়ে হাত তোলেন এবং চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, মাংস কিনতে যাওয়া ক্রেতাদের সঙ্গে অতিরিক্ত দাম নিয়ে তর্ক থেকে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ইব্রাহীমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


