

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকা, ইটভাটার লাইসেন্সের মেয়াদ না থাকা এবং ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বিএমএস ব্রিকসের (ইটভাটার) ম্যানেজার শ্যামল চন্দ্র দাস (৪৫) কে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই পাপন চন্দ্র দে, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আবুল হাসান প্রমুখ। জরিমানার টাকা ইটভাটার ম্যানেজার ওই দিনই জরিমানার এক লাখ পরিশোধ করেছেন।
অলিদুজ্জামান বলেন, আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


